ভারতেও দেখা যাবে বিটিভি: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতেও ২৪ ঘণ্টা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। তিনি বলেন, বিটিভি দিয়ে শুরু হলেও পরবর্তীতে অন্য বেসরকারি চ্যানেলগুলোও সেখানে প্রদর্শনের সুযোগ পাবে। এ লক্ষ্যে খুব শিগগিরই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে সাংবাদিক নিয়োগ প্রদানের ক্ষেত্রে সুবিধাবাদীরা নিয়োগ পাবে না, নিয়োগ পাবে যোগ্যতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকরা। তিনি বলেন, যত দ্রুত সম্ভাব নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে। ত্রুটি হীনভাবে সব করার জন্য কিছুটা সময় নেয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা হাসান শাহরিয়ারের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সাবেক নেতা শাহজাহান মিয়া, ডিইউজের সাবেক সভাপতি কাজি রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ডিবিসি টেলিভিশনের সিইও মঞ্জুরল ইসলাম, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।