--- বিজ্ঞাপন ---

ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকায় সৌদি আরব

0

নিউজ ডেস্ক: ‘সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অবহেলা’র কারণে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ।

বুধবার সন্ত্রাসবাদে অর্থায়ন ও অবৈধ অর্থপাচার ঠেকাতে ব্যর্থ বিশ্বের কয়েকটি দেশকে কালো তালিকাভূক্ত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকেও অন্তর্ভূক্ত করেছে ইউরোপের ২৮ দেশের এই সংগঠন।

ইইউর এই তালিকা আগামী সপ্তাহে চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে এ তালিকার লক্ষ্য হচ্ছে ‘সন্ত্রাসবাদ ও মানি লন্ডারিংয়ের ঝুঁকি হ্রাস করে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ব্যবস্থাকে রক্ষা করা’।

ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভুক্ত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরব আরও চাপের মুখে পড়ল।

কালো তালিকাভুক্তির ফলে ইইউর অর্থপাচারবিরোধী আইনের আওতায় যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ এসব দেশের গ্রাহক এবং প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবেন।

সৌদি আরব ছাড়াও ইইউর এই কালো তালিকায় জায়গা হয়েছে আফগানিস্তান, আমেরিকান সামোয়া, দ্য বাহামাস, বতসোয়ানা, উত্তর কোরিয়া, ইথিওপিয়া, ঘানা, গুয়াম, ইরান, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পানামা, পুয়ের্তো রিকো, সামোয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিশিয়া, যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপ ও ইয়েমেন।

সাংবাদিক জামাল খাশোগির নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনঠাসা হয়ে থাকা সৌদি আরবের জন্য এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভূক্তির ঘটনা বড় ধরনের ধাক্কা।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে আঙ্গুল উঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। ওই ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন সৌদি যুবরাজ।

বর্তমানে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একদল সৌদি নিরাপত্তা কর্মীর বিচার চলছে। তুরস্কের মাটিতে খাশোগি খুন হয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা ঘাতক বাহিনীর সদস্যদের বিচারের জন্য আঙ্কারার হাতে সোপর্দ করার আহ্বান জানালেও সৌদি আরবের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

সূত্র: আনাদলু

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.