কবি আল মাহমুদের ইন্তেকাল
নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ আর নেই। শুক্রবার রাত ১১টার কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে কবির ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানিয়েছেন।
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সন্ধ্যার পর এই হাসপাতালে নেওয়া হয়েছিল আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার রাত ১০টার দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে আবিদ জানান।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।