প্রবাসীরাই দেশের অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক: প্রবাসীরাই দেশের অর্থমন্ত্রী। তাই সকলের প্রচেষ্টায় আগামী ২১ বছরে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ। অর্থমন্ত্রী আন্তর্জাতিক কৃষি ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলাপমেন্ট (আইএফএডি) এর গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগ দেয়ার পর ইতালি আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সবাইকে দেশ প্রেমিক হতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করেছে। এবার তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের জন্য অর্থনৈতিক মুক্তি আনতে হবে। ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তবে প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার জন্য মন্ত্রী তাগিদ দিয়ে বিনা খরচে ইতালি থেকে দেশে লাশ পাঠানো কথা নিশ্চিত করেন।
ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আবু সাইদ খান, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।