ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ, এসএসসি পরীক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপ
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে তানজিনা আখতার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর শরীর। ২৪ ফেব্রুয়ারী রোববার রাতে সদর উপজেলার গুঞ্জরহাটে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা ক্ষত অবস্থায় কিশোরীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহত কিশোরী তানজিনা আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও দেবীডাঙ্গা গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলায় আখানগর এলাকার জনৈক মোস্তফা কামালের সাথে প্রতিবেশী আমজাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল কিছুদিন ধরে। সেই জেরকে কেন্দ্র করে রোববার রাতে তানজিনার মুখে এসিড নিক্ষেপ করার চেষ্টা করে ঐ এলাকার আমজাদ সহ দূর্বৃত্তরা। এসময় ওই কিশোরী সরে গেলে এসিড দিয়ে কিশোরীর শরীরের পেছনের অংশ ঝলসে যায়। পরে তার চিৎকারে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে পরিবারের লোক কিশোরীকে উদ্ধার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ঐ শিক্ষার্থীর মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই আমজাদ সহ তার সঙ্গীরা আমাদের জমি দখল করার চেষ্টা করে আসছে। আমাদের পরিবারের লোকেদের নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করছে তারা। আজ আমার মেয়ের উপর এসিড মেরেছে আমজাদ, ফরহাদ, কলিমউদ্দিন, সরবানু, কাউয়ুম, কমুল সহ আরো অনেকে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।