জয়পুরহাটের পাঁচবিবিতে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগুয়ান, নওদা ও বালিঘাটাসহ কয়েকটি গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা ত্রাণ ও দূর্যোগ বিভাগের পক্ষ থেকে ১০ মেট্রিন টন চাল, ২০০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৮ লক্ষ টাকা ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জয়পুরহাট জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোফাক্ষার ইসলাম।বুধবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ভুক্তভোগী ৪৩৫ টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা-ময়দা, মোমবাতি, ম্যাচসহ শুকনা খাবার এবং নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, জয়পুরহাট জেলা ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় অফিসার মোফাক্ষার ইসলাম, ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নূর-এ-শেফা, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।
উল্লেখ্য গতকাল (মঙ্গলবার) বিকেলে উপজেলার বাগুয়ান, নওদা ও বালিঘাটাসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে কাল বৈশাখী ঝড়ে বারো ধান ৩৫০ হেক্টর, করলা, বেগুনসহ অন্যান্য শাক-সবজি ২০ হেক্টর, কলা ১৫ হেক্টর, ভূট্টা ১২ হেক্টর ও সজনা ও আম বাগান ৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়।
এছাড়াও ১৫ টি কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকান-পাঠ লন্ড ভন্ড হয়েছে ও প্রায় ৪০০ টি কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকান-পাঠের ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের ছাউনি উড়ে যায়, ঘরের দেয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া আচমকা এ ঝড়ে ঘরের টিনের চালা, বাড়িঘরের দেয়াল ও গাছপালার ডাল ভেঙ্গে পড়ে আহত হয় কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে ১২ জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।