জয়পুরহাটের ক্ষেতলালে ছিনতাইকালে জনতার হাতে পুলিশ কনষ্টেবল আটক
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ৮ লাখ টাকা ছিনতাইকালে জেলার পাঁচবিবি থানা পুলিশ কনষ্টেবল মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, জেলার কালাই উপজেলার পুনট বাজারের মুরগী ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেল যোগে তার কর্মস্থলে ফিরছিলেন। ব্যাংক এলাকা থেকে পাঁচবিবি থানার পুলিশ কনষ্টেবল মোটর সাইকেল যোগে পিছু নিয়ে বটতলী ব্রীজ এলাকায় জোরপূর্বক ওই ব্যবসায়ীর মোটর সাইকেলের গতিরোধ করে। পরে ওই পুলিশ কনষ্টেবল মাদক মামলার ভয় দেখিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয় জনতা পুলিশ সদস্য মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোন মামলার আসামী বা মাদক দ্রব্য আটকের জন্য মুহিদুলকে অনুমতি দেওয়া হয়নি বা নিজ কর্মস্থল ছাড়া তিনি কেন অন্য থানা এলাকায় গেলেন তাও তিনি জানেন না। অপরাধ প্রমানিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।