লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২১৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৭৪ হাজার ১০০ টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান এর পরিচালনায় উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৭৪ হাজার ১০০ টাকার চেক বিতরণ করা হয়।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৭০০ টাকা ছয় মাসের ৪ হাজার ২০০ টাকা করে মোট ১১১ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়।
মাধ্যমিক পর্যায়ে প্রত্যেককে মাসিক ৭৫০ টাকা হারে ছয় মাসের ৪ হাজার ৫০০ টাকা করে মোট ৬৪ জনকে ২ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৮৫০ টাকা হারে ছয় মাসের ৫ হাজার ১০০ টাকা করে মোট ২৯ জনকে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও উচ্চতর মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ১ হাজার ২০০ টাকা হারে ছয় মাসের ৭ হাজার ২০০ টাকা করে মোট ১০ জনকে ৭২ হাজার টাকা প্রদান করা হয়।