লংগদুতে সেনাবাহিনী-ইউপিডিএফের বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ৩
নিউজ ডেস্ক: কাপ্তাই হ্রদে সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদা আদায়কালে আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ চলে। লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগদুর কাট্টলী এলাকায় কাপ্তাই হ্রদে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ব্যাপক হারে চাঁদাবাজি করে আসছিল। ইউপিডিএফ প্রসীত গ্রুপের ওই দলটি দীর্ঘদিন ধরে ওই এলাকা ব্যবহার করে তাদের সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে আসছিল। শনিবার সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল নৌকাযোগে ওই পথে আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানি পথে তাদের চলাচলের রাস্তায় ফাঁদ পাতে সেনাবাহিনীর দলটি। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়।
এ সময় সন্ত্রাসীরা নৌকা থেকে ঝাঁপিয়ে পালাবার চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ১টি এসএমসি ও ৫টি বন্দুক উদ্ধার করে। এ সময় আহত একজনসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্ণদেব চাকমা (৩০), মঙ্গল কান্তি চাকমা (৩৫) ও নরেশ চাকমা (১৯)। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতরাগত ১৮ই মার্চের হত্যাকান্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।।