চট্টগ্রামে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
নিউজ ডেস্ক: চট্টগ্রামে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাইফুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সাইফুল লোকমান হোসেন জনি (২৫) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তিনি বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ৫নং ব্রিজ কবরস্থানের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, সোমবার রাতে লোকমান হোসেন জনি হত্যা মামলায় আসামি সাইফুল ও জিয়া উদ্দিন বাবলুকে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী কল্পলোক আবাসিক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে সেখানে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬ এপ্রিল রাতে বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় খুন হন লোকমান হোসেন জনি। লোকমান হোসেন জনির বাসা নগরের গোলপাহাড় এলাকায়।
পরে লোকমান খুনের ঘটনায় সাইফুলকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন লোকমানের মা রোকেয়া বেগম।
পুলিশ জানায়, লোকমান হোসেন জনি ‘বড় ভাই’ হিসেবে কিশোরদের মধ্যে প্রেমসংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে সাইফুলের গুলিতে নিহত হন।