রাঙ্গুনিয়ার পোমরায় চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের পায়তারা
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মানের পায়তারা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার আবদুল খালেকের পুত্র সৈয়দুল আলম। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও প্রভাবশালী মহল দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ কারী ছৈয়দুল আলম বলেন, ‘পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আবদুর রহমানের পুত্র জমির উদ্দিন (৩২), গিয়াস উদ্দিন (২৫) ও আবদুর রাজ্জাকের পুত্র নাজিম উদ্দিন (৩৫) স্থানীয়দের চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে দখলের পায়তারা চালিয়ে আসছে। তারা বিভিন্ন সময় বেশ কয়েকবার সড়কটি দখলের চেষ্ঠা চালালেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। কিন্তু তারা কারো কোন কথা না শুনে জোর পূর্বক দীর্ঘদিনের চলাচলের এই রাস্তাটি দখলের কার্যক্রম চালাচ্ছে। গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে একই ভাবে তারা চলাচলের রাস্তাটি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্ঠা করলে আমি সহ স্থানীয়রা বাঁধা প্রদান করতে যায়। এই সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারা বিভিন্ন হুমকি-ধুমকি প্রদান করে। পরে বিষয়টি আমি থানায় অভিযোগ করলে পুলিশ সরেজমিনে এসে তদন্ত করে তাদের এই কাজ থেকে বিরত থাকতে বলে। কিন্তু পুলিশের বাঁধার মুখেও তাদের দখলের কার্যক্রম অব্যাহত আছে। মানুষের দীর্ঘদিনের যাতায়তের এই রাস্তাটি দখল হয়ে গেলে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হবে।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ভুলু বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে আবারও দখলকারীকে সতর্ক করা হয়েছে এবং স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়টি স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’