জয়পুরহাটে ব্যবসায়ী দম্পতি হত্যাকান্ডের ৪ মাসেও ধরা পরেনি খুনিরা
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের মাড়োয়ারী পট্টি এলাকার কাপড় ব্যবসায়ী কিষান লাল রংটা ও তার স্ত্রী দেবী রংটা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং নিহতের স্বজনরা।শনিবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে পুর্ববাজার কাপড় ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘন্টাব্যপী এ মানববন্ধনে শহরের বিভিন্ন প্রকার ব্যবসায়ী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা অংশগ্রহন করেন।
মানববন্ধন চালাকালীন বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, পৌর কমিশনার মুক্তারাম দাস, নিহতের ছেলে বিকি লাল রংটা, নিহতের মেয়ে পায়েল রংটা প্রমুখ।
উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর রাতে শহরের মাড়োয়ারী পট্টি এলাকার কাপড় ব্যবসায়ী কিষান লাল রংটা ও তার স্ত্রী দেবী রংটাকে নিজ শয়ন কক্ষে শ্বাস রোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার চার মাস পার হলেও এখনও পর্যন্ত এ হত্যা মামলার কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।