রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার-১
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. এসকান্দর ওরফে বাচা (৩০)। সে দক্ষিণ রাজানগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ফুলবাগিচা গ্রামের বশির আহমদ পাড়া এলাকার সোলতান আহমদের পুত্র। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করলেও মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক সুমন কুমার দে বলেন ‘উত্তর রাঙ্গুনিয়ার ফুলবাগিচা গ্রামের ব্যবসায়ী মো. আইয়ুব আলীর (৩০) উপর হামলার ঘটনার মামলার সে প্রধান আসামী। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। গোপন সংবাদে তার শ্বশুর বাড়ি লালানগর ইউনিয়নের আকবর সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরের শয়ন কক্ষের আলমারি থেকে কিরিচ, একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ব্যাপারে অস্ত্র আইনে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।