রাঙ্গুনিয়ায় জিপ চাপায় ৪ ইটভাটা শ্রমিক নিহত
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় ঘুমন্ত শ্রমিকদের উপর চাঁদের গাড়ি (জিপ) চাপায় ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকার খলিফাপাড়া ৬নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন আবুল কালামের পুত্র মো. জাফর (৪০), কালু মাঝির পুত্র মো. মোনাফ (৫০), মো. মিরাজের পুত্র মো. রিয়াদ (১৬), আব্দুল মান্নানের পুত্র মো. নাজিম (২৫)। আহতরা হলেন আলী আকবরের পুত্র মো. ছিদ্দিক (৩২), নিহত মো. মোনাফের পুত্র মো. বেছু (১৫) ও মো. হামিদের পুত্র মো. নাজিম (১৮)। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার তমর উদ্দিন ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ রেজুগলিয়া গ্রামে। এরা সবাই ইসলামপুর ইউনিয়নের মো. হাসান ও মো. মহসিন কোম্পানির মালিকানাধীন এসআরবি ব্রিকফিল্ডে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানান এই ব্রিকফিল্ডের মাঝি মো. সোবাহন।
ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার শেষে আলামত সংগ্রহ করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সংবাদ
স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার মো. রফিকের মালিকানাধীন একটি চাঁদের গাড়ি (কুমিল্লা-১৮২) মরিয়মনগর ডিসি সড়ক পথে কাঠবোঝাই করে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে ইসলামপুর খলিফাপাড়া এলাকায় এলে দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে টিনশেড ঘরে ঢুকে যায়। গাড়িটি সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ৪ শ্রমিক মারা যান এবং ৩ জন গুরুতর আহত হন।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা এনি বড়ুয়া বলেন, ইসলামপুর গাবতল এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দর বলেন, টিনশেড ঘরটিতে ২৫ থেকে ৩০ জন শ্রমিক ছিল। সবাই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, কাঠবোঝাই জিপটি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জিপটি জব্দ করা হয়েছে।