--- বিজ্ঞাপন ---

এক মেশিনে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি !

0

নিউজ ডেস্ক: মেশিনের সাহায্যে কাটা হচ্ছে ধান, পাশে সারি সারি খড় পড়ছে,অন্যদিকে বস্তাভর্তি হচ্ছে ধান। এমন প্রযুক্তি প্রদর্শন করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোববার(২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের কাটাখালী বিলে স্থানীয় কৃষক মো. নুর উদ্দিনের ব্রি ধান -৭৪ কাটার মধ্যে দিয়ে মেশিনটি প্রদর্শন করা হয়। পরে কাটাখালী কৃষি প্রদর্শনী মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন আহমদ, ইউপি সদস্য বখতিয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস, কৃষক মো. নুরুল আলম, আবদুল সত্তার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন ও অর্থ সম্পাদক জগলুল হুদা ।
উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, “রাঙ্গুনিয়ায় ধান কাটতে ব্যবহার করা হচ্ছে “কম্বাইন্ড হারভেস্টার” মেশিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ব্রিধান-৭৪ এর প্রদর্শনী ধান কেটে দেখানো হয়। ব্রি ধান-৭৪ একটি নতুন উদ্ভাবিত বোরো ধানের জাত। এই জাতের ধান ৮.৩ শতাংশ প্রোটিন এবং ২৪.২ শতাংশ জিংক গুণাগুন সমৃদ্ধ। যা সচরাচর অন্যান্য ধানের জাতে থাকে না।’
ধান কাটার নতুন যন্ত্র কম্বাইন্ড হারভাস্টার সম্পর্কে স্থানীয় কৃষক মো. নুরুদ্দিন (৪৫) বলেন, এই মেশিনগুলো খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মরিয়মনগর আইপিএম ক্লাবটিকে বিনামূল্যে প্রদান করা হয়েছিল। এই ক্লাবের ২৫ জন সদস্য মেশিনটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করবেন এবং অন্যান্য কৃষকদের অর্ধেক খরচে ব্যবহার করবেন। এই মেশিনে প্রতি ঘন্টায় ৪০ শতক পরিমান জমির ধান কাটা সম্ভব। এই পরিমান জমির ধান কাটা থেকে বস্তা ভরা পর্যন্ত এক হাজার টাকায় হয়ে যাবে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.