চমেক হাসপাতালে আগুন

শফিউল আলম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১০টি গাড়ি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন। হাসপাতালের তিনতলার এসি থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী রফিকুন্নবী গণমাধ্যমকে জানান, ডাক্তারের রাউন্ড চলছিল। হঠাৎ নিচ থেকে আগুন আগুন চিৎকার শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসি। রোগীরা ভয়ে সিট ছেড়ে নিচে নেমে আসছিল। পরে দেখি আগুন নিয়ন্ত্রণে এসেছে।
হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।