রাঙ্গুনিয়ায় দুদকের বিক্রেতাবিহীন সততা স্টোর উদ্বোধন
নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে বিশ্বস্ততা, ন্যায়পরায়নতা ও নৈতিকতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক এর অর্থায়ন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় রাঙ্গুনিয়া পৌরসভার মজুমদারখীল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন উপলক্ষে ২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রহিম উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মানবধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
উদ্বোধনী বক্তব্য রাখেন পৌরসভা কমিটির সভাপতি মুহাম্মদ আবু তালেব। বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, মরিয়মনগর কমিটির সভাপতি নূরুল ইসলাম আজাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউল আলম, প্রকৌশলী তৌহিদুল আমিন, ডা. আদেশ চন্দ্র দাশ, নূরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী, প্রবীণ শিক্ষক অলী আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার বড়–য়া। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক আনন্দ কুমার বড়–য়া। আলোচকরা বলেন, সততা মানুষের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বৃদ্ধি করে। সৎ ব্যক্তির সদিচ্ছায় সমাজ সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠে। আদর্শ সমাজ বিনির্মাণে নির্মাতাদের ন্যায়-নীতিবান হতে হয়। তাই ছাত্র জীবনেই নৈতিকতা শিক্ষা ও এর চর্চায় অভ্যস্ত হয়ে উঠতে ‘দুদক’ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর প্রতিষ্ঠার উদ্যোগ অতীব সময়োপযোগী। এর সফলতায় সমাজবাসী উপকৃত হবে।