রাঙ্গুনিয়ায় গৃহবধু শারমিন হত্যা মামলায় মানবাধিকার প্যানেল লইয়ার নিযুক্ত
নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার এক জরুরী সভা (গত ৬ মে ২০১৯) ইছাখালীস্থ সংস্থার প্রশাসনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্প্রতি রাঙ্গুনিয়া সরফভাটায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যার রেশ না কাটতেই নোয়াগাঁও ফকিরখিল গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট বঙ্কিম চন্দ্র দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ ও নূরুল আজিম, দফতর সম্পাদক খোরশেদ আলম ফারুকী, কোষাধ্যক্ষ মুহাম্মদ ওসমান, নির্বাহী সদস্য সাজ্জাদুল করিম রিংকু, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জিয়াউল আলম, মরিয়ম নগর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম আব্দুল্লাহ, পারুয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা, পোমরা ইউনিয়ন সভাপতি নির্মল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌরসভা সভাপতি মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক এসএম ইফতেখার হোসেন।
গৃহবধূ শাহিদা আক্তার শারমিন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন মিয়াজীপাড়ার ব্যবসায়ী মুহাম্মদ শহীদুল্লাহ মিয়াজীর একমাত্র কন্যা ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের বিবিএ ছাত্রী। ২০১৮ সালের ২ নভেম্বর রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও ফকিরখিলের নবীর হোসেনের পুত্র মোহাম্মদ আলমগীরের সাথে তার বিয়ে হয়। ৩০ এপ্রিল শ্বশুড় বাড়ি থেকে নিখোঁজ বলা হলেও ১ মে কর্ণফুলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এতে শারমিনের পিতা শহীদুল্লাহ্ মিয়াজী পরিকল্পিত এ হত্যায় স্বামী আলমগীরকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা মামলা গ্রহণ করে আসামী আলমগীরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। কিন্তু অদ্যাবধি হত্যাকান্ডের রহস্য উদঘাটিত না হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা চাঞ্চল্যকর এ ঘটনার দ্রুত রহস্য উদঘাটনের দাবী জানান।
সভায় মামলার বাদী পক্ষকে আইনী সহায়তার জন্য সংস্থার ‘মানবাধিকার প্যানেল লইয়ার’ এডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, এডভোকেট মোরশেদুর রহমান রোকন, এডভোকেট আজিম উদ্দীন তালুকদার লাভলু, এডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য্য, এডভোকেট কাজী মোহাম্মদ হাছানকে নিযুক্তের সিদ্ধান্ত গৃহীত হয়।