দারুনল উলুম আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেয়া হবে
নিউজ ডেস্ক: মাদ্রাসা শিক্ষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে দেশের মূলধারা শিক্ষার সাথে সম্পর্কিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিমত প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি)।
তিনি গতকাল দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আলিয়া মাদ্রাসার ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আয়োজিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এছাড়া প্রধান অতিথি দারুল উলুম আলিয়া মাদ্রাসার জাতীয়করণের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাহবুবুল আলম ছিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ সাহাব উদ্দিন আহমেদ, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো জালাল উদ্দিন চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন চকবাজার থানার ওসি মো নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই বিষয়টি উপলব্দি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছে। সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণেই দেশ শিক্ষা ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে। শিক্ষ ব্যবস্থাকে ঢেলে সাজানোর নিমিত্তে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি মাদ্রাসায় আইসিটি ল্যাব চালু হচ্ছে। কম্পিউটার কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। মাদ্রাসা কাঠামোতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। স্থাপিত হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুষ্ঠু তদারকির মাধ্যমে পরিচালিত হচ্ছে উচ্চ শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে সেশন জট কমিয়ে আনার লক্ষে প্রতিষ্ঠানগুলোর নানামুখী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্পোকেন এ্যারাবিক কোর্স চালু করেছে। যাতে তাঁরা বিভিন্ন দেশে গিয়ে উচ্চ শিক্ষার পাশাপাশি কর্মজীবনে উন্নতির শিখরে প্রবেশ করতে পারে।