মুনিরীয়া যুব তবলীগ কমিটির ওলামা পরিষদের নেতারা বলেছেন, আমরা এতদিন একটি ভুল ও ভ্রান্ত মতবাদের তরিকতের সঙ্গে জড়িত ছিলাম। এজন্য আমরা তওবা করছি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই।
রোববার (২৬ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মুনিরীয়ার যুব তবলীগের উগ্র, সন্ত্রাসী, জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জোর দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে মাওলানা আশিকুর রহমান বলেন, তরিকতের আলোকে এ সংগঠনের মাধ্যমে (মুনিরীয়া যুব তবলীগ) সমাজ ও আগামী প্রজন্মকে সত্য ও সুন্দরের পথে পরিচালনার কথা ছিল। কিন্তু সংগঠনের শীর্ষ নেতারা সেদিকে মনোযোগ না দিয়ে ভিন্ন পথে নিজের আখের গোছানোর চেষ্টায় ছিলেন। সে অভিপ্রায়ে তারা স্বাধীনতাবিরোধী চক্রের সঙ্গে হাত মিলিয়ে প্রতিনিয়ত জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। যা ওলামা পরিষদসহ রাউজানের শান্তিপ্রিয় আপামর জনসাধারণ সমর্থন করে না।
ইসলাম শান্তির ধর্ম, শান্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই একমাত্র পথ উল্লেখ করে আশিকুর রহমান বলেন, যে তরিকাই হোক না কেন, প্রতিটি তরিকতেই শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা আছে।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওলামা পরিষদের মুফতি ইব্রাহিম হানাফী, মাওলানা এমদাদুল হক মুনিরী, সৈয়দ মো. আবদুল্লাহ রশিদী, মাওলানা মমতাজুল হক নুরী প্রমুখ।