চট্টগ্রাম বন্দর থেকে পন্য ভর্তি কন্টেনার নিয়ে দেশের বিভিন্ন নৌ-বন্দরে যাওয়ার সময় একটি জাহাজ থেকে পড়ে গেছে ৪৩ টি কন্টেইনার। জাহাজটি ঢাকা করিম গ্রুপের মালিকানাধীন। কন্টেইনারে রয়েছে কয়েক কোটি টাকার মূল্যবান পণ্য। বিদেশ থেকে ব্যবসায়ীরা পণ্যভর্তি এসব কন্টেইনাওে তাদের মালামাল এনেছিল। গতকাল রবিবার বাংলাদেশি পতাকাবাহী এমভি কেএসএল গ্লাডিয়েটর জাহাজে করে কন্টেইনারগুলো সাগর পথে যাচ্ছিল। এসব কন্টেইনারে কি পরিমান পণ্য রয়েছে তা জানা না গেলেও সূত্র বলছে, কয়েক কোটি টাকার পণ্য থাকতে পারে। কন্টেইনারগুলো এখন সাগওর ভাসছে।
বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি পন্য ভর্তি কন্টেইনার নিয়ে বঙ্গোপসাগরের ভাসানচরের নিকট দিয়ে হাতিয়া চ্যানেল পার হচ্ছিল। সকাল ৮টার দিকে এটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে দুলতে থাকে। এক পর্যায়ে জাহাজে মোটা রশি দিয়ে বাধাঁ ৮৩ কন্টেইনারের মধ্যে থেকে ৪৩টি কন্টেইনার ছিটকে সাগরে পড়ে যায়। এসব কন্টেনারগুলো পানগাঁও, মুন্সিগঞ্জ, সামিট টার্মিনালে যাওয়ার কথা।
বিআইডব্লিউটিএ এর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম কন্টেইনার পড়ে যাওয়ার বিষয় স্বীকার করে বলেন, দুর্যোগের কবলে পড়ে জাহাজটি থেকে ৪৩টি কন্টেইনার পড়ে গেছে। জাহাজে মোট পণ্যভর্তি ৮৩টি কন্টেইনার ছিল। তিনি বলেন, খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর এলাকার লাল বয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এক পর্যায়ে কনটেইনারের বাঁধন ছিঁড়ে যায়।
সমুদ্রে ভেসে থাকা কন্টেইনারগুলো নিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। কারন এসব কন্টেনারের ভেতরে পণ্য ভর্তি থাকার কারনে সমুদ্রে চলাচলরত ছোট বা বড় জাহাজের সাথে ধাক্কা লাগতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এসব কন্টেইনারের হদিস খুজেঁ বের করা কঠিন। কারন ভাসমান এসব কন্টেনার স্রোতের তোড়ে কোথায় যায় তা নিয়ে রয়েছে নানা সংশয়।