বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে টানা বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় পানি জমে দুর্ভোগে পড়েছে নগরবাসী। চলতি বর্ষায় বেশ কয়েকবার জলাবদ্ধতার সৃষ্টি হয় চট্টগ্রাম নগরীতে। এদিকে বার বার জলাবদ্ধতা হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভুক্তভোগী মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, বেপারি পাড়া, আগ্রাবাদ সিডিএ, চান্দগাঁও, জিইসি মোড়, বাকলিয়া চকবাজার, বাদুরতলা, হালিশহর, কাতালগঞ্জ, ষোলশহর ২ নম্বর গেইটসহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটু পানি জমে যায়। জিইসি মোড়, ২ নম্বর গেইট এলাকার পানি সকালে পানি অনেকটা নামলেও আগ্রাবাদ, বাদুরতলা, চকবাজারসহ নিচু এলাকায় পানি থেকে যায়। পানিতে বিভিন্ন সড়ক, গলিসহ পাড়া মহল্লার বিভিন্ন ভবনের নিচতলার বাসা ডুবে যায়।

এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়ে। বৃষ্টি ও বাতাসের কারণে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল কমে যায়। কোথাও কোথাও সড়কে জমে থাকা পানিতে বাস–অটোরিকশাসহ যানবাহন আটকে গিয়ে ভোগান্তি আরও চরম আকার ধারণ করে।
অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে পাহাড়ধসের ঝুঁকি এড়াতে বিভিন্ন জায়গায় সচেতনমূলক মাইকিং করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ । সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর পাহাড়ের পাদদেশে বসবাসরত সমাজের নিম্নবিত্ত পরিবারের সকল সদস্যদের

জান মালের নিরাপত্তায় যুব স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে আকবরশাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ষোলশহর, জালালাবাদ আবাসিক, চট্টগ্রাম পলিটেকনিক, সাউদার্ন মেডিকেল কলেজ, বায়েজীদ, মতিঝর্ণাসহ নগর ও নগরীর পার্শবর্তী এলাকাসমূহে বৃষ্টিকালীন সময়ে জীবন যাপনে দূর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতা মূলক মাইকিং পরিচালনা করা হয়।
অতঃপর গুরুত্ব সহকারে বসবাসকারী লোকজন ও ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের উপর জরিপ কার্যক্রম পরিচালনা করে যুব সদস্যরা। অতঃপর তথ্য উপাত্তের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করা হয়। এছাড়াও পূর্ব প্রস্তুতির জন্য উক্ত ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে ও ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বিপদকালীন সময়ে উদ্ধার ও সন্ধান কার্যক্রমের জন্য যুব স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল গঠন করা হয়।

এদিকে সাগরে সৃষ্ট এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর। আর এতে করে আরও ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন নগরবাসী।